২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়কে নিয়ে বাসস’র খবর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক: আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবস্থান নিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস’র সংবাদকে ‘কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ ধরণের সংবাদ পরিবেশনের জন্যে জয় ও দেশবাসীর কাছে বাসস কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়ের ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এছাড়া এখনও তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেননি। তার বিরুদ্ধে সরকারের নির্দেশে এ ধরণের ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ পরিবেশন অত্যন্ত দু:খজনক ও বেদনাদায়ক।

তিনি বলেন, মিথ্যা সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সরকারের ভেতরের চরম অস্থিরতারই বহি:প্রকাশ ঘটেছে।

বিবৃতিেেত আব্দুল জলিল আরও বলেন, সরকার তাদের ব্যর্থতার দায়িত্ব বিরোধীদের কাঁধে চাপানো এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার যে বিরামহীন অপপ্রচার চালাচ্ছে, এই কাল্পনিক সংবাদ পরিবেশন তারই অংশবিশেষ।