কিবরিয়ার হত্যায় তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেছে কিবরিয়া পরিবার
গত ২৭ জানুয়ারী হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার পুলিশী তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেছে কিবরিয়া পরিবার।
তারা এই রিপোর্টকে প্রহসনমুলক আখ্যায়িত করে বলেছেন, মার্কিন তদন্তকারী সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-র স্বাধীন তদন্ত ছাড়া ন্যাক্কারজনক এই হত্যায় আর কোন সংস্থার তদন্ত তারা মেনে নেবেন না।
মরহুম কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া বলেন, তদন্ত প্রতিবেদনে যাই থাকুক না কেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রীদের উদ্দেশ্যপ্রনোদিত বক্তব্যের প্রেক্ষিতে পুলিশী তদন্ত নিয়ে আমি সন্দিহান। এ কারনে এই হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তর জন্যে একটি দক্ষ ও নিরপেক্ষ সংস্থার তদন্ত ছাড়া আর কোন বিকল্প নেই।
এদিকে, আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল জলিল এমপি গতকাল দুপুরে দিল্লী থেকে ঢাকা ফিরে সন্ধ্যায় আসমা কিবরিয়ার সাথে তার ধানমন্ডির বাসায় গিয়ে সাক্ষাত করেন।
বিকালে আসমা কিবরিয়া ও রেজা কিবরিয়া বনানী গোরস্তানে গিয়ে মরহুম শাহ এ এম এস কিবরিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
