প্রধানমন্ত্রীর ভাষণ সরকারের আত্মপ্রবঞ্চনার দলিল: আ: জলিল
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাষণকে ‘সরকারের আত্মপ্রবঞ্চনার’ দলিল হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বুধবার এক বিবৃতিতে বলেছেন, সর্বক্ষেত্রে ব্যর্থ জোট সরকার অপরের কাঁধে দোষ চাপাতে চাইছে।
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ‘কটাক্ষমূলক’ বক্তব্যের তীব্র সমালোচনা করে আব্দুল জলিল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বর্হিভূতই নয়, অমানবিকও বটে। শেখ হাসিনা স্পেনে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার পর ২১ আগস্টের গ্রেনেড হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসা করাতেই যুক্তরাষ্ট্র যান।
জলিল মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আবারও প্রমাণ করলো, ২১ আগস্টের ঘটনার পেছনে জোট সরকারের হাত রয়েছে।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটিকে তিনি ‘স্ববিরোধী ও হাস্যকর’ বলে অভিহিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সংবাদপত্রে বার বার খবর প্রকাশিত হওয়ার পরও যে প্রধানমন্ত্রী জঙ্গী সংগঠসমূহের অস্তিত্ব স্বীকার করতেন না, একদিনের নোটিশে সেই জঙ্গী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে দাতাদেশসমূহের আইওয়াশের ব্যর্থ চেষ্টা করেই তিনি প্রমাণ করেছেন, কারা হুমকি ও ধমকে ভয় পায়, নতজানু হয়।
জলিল প্রশ্ন রেখে বলেন, সংবাদপত্রে যখন তথ্য-প্রমাণসহ অর্ধশতাধিক জঙ্গী ঘাঁটির সংবাদ প্রকাশিত হয়, তখন প্রধানমন্ত্রী কোন মুখে বলেন, তার সরকার মৌলবাদী নয়? তিনি বলেন, জোট সরকারের শরীক দলের শীর্ষ নেতা ও তার মন্ত্রীসভার সদস্য মতিউর রহমান নিজামী এবং অন্যান্য মন্ত্রীরা যখন এক দিকে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী বাংলা ভাইয়ের অস্তিত্ব অস্বীকার করে আসছে, তখন এদের নিষিদ্ধ ঘোষণার মধ্যদিয়ে সরকারতো সন্ত্রাসী শক্তিগুলোর অস্তিত্বকেই স্বিকার করে নিল।
তত্ত্বাবধায়ক সরকারের ধারণায় পরিবর্তন আনার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াকে তিনি বিএনপি জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোটের দুর্বলতা হিসেবে দেখছেন। আগামীতে আওয়ামী লীগের আসন সংখ্যা আরো কমবে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এতোই যদি সাহস ও আত্মবিশ্বাস থাকে, তাহলে জোট সরকার পদত্যাগ করে নির্বাচনের পরীক্ষায় আসতে ভয় পাচ্ছে কেন?’
২০০১ সালে তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান নিরপেক্ষতা ও ন্যায়পরায়নতা বিসর্জন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে কালিমালিপ্ত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
জলিল অভিযোগ করেন, নিজেদের পছন্দের একজন ব্যক্তিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার অসৎ উদ্দেশ্য নিয়ে সরকার বিচারপতিদের অবসর বয়সসীমা বাড়িয়েছে।
তিনি আরও বলেন, ভোট চুরি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জোট সরকার জনরায়কে বানচাল করতে চায়। প্রধামন্ত্রীকে ১৯৯৬ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেদিনও খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করে বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে খন্ডন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে সরকার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের হ্যাট্রিক করে, সাংবাদিক নির্যাতনে এশিয়ায় শীর্ষস্থান দখল করে এবং দেশকে মানবাধিকার লংঘনের দেশে পরিণত করে, তাদের উন্নয়নের মডেল হিসেবে নিজেদের দাবি করাটা হাস্যকর।
সরকারের দায়িত্ব যখন বাক স্বাধীনতা নিশ্চিত করা, তখন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাংবাদিকদের পরোক্ষ হুমকি দিয়ে সাংবাদিক নির্যাতনকে উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেন জলিল। তিনি আরো বলেন, জোট সরকারের হুমকি, অলিখিত সেন্সরশীপ উপেক্ষা করে সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে চলেছে।
দেশের অর্থনীতির স্থবির অবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির অবস্থা বোঝাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের শুভংকরের ফাঁকি না দিয়ে, এক কেজি চাল কত টাকায় বিক্রি হচ্ছে, সেই বিষয়টি জনসাধারণকে জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
