দেশে ইসলামী জঙ্গীবাদের অস্তিত্ব বিরোধী দলের কল্পনা মাত্র : নিজামী
জামাতে ইসলামীর আমীর এবং শিল্পমন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, বাংলাদেশে কোনো ইসলামী জঙ্গী দল নেই। বিরোধী দল যেসব জঙ্গী দলের কথা বলছে, আমরা কথিত সে সব জঙ্গী দলের নামই শুনিনি।
মঙ্গলবার রাজধানীর পল্টন ময়দানে মহানগর জামাত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ও মুসলিম উম্মাহ’র ক্ষতি সাধনে লিপ্ত আন্তর্জাতিক ইহুদীবাদী চক্রান্তের অংশ হিসেবেই বিরোধী দল এ জাতীয় অপপ্রচার চালাচ্ছে। বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণ করতে তারাই জঙ্গীদের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ হরতাল, সন্ত্রাস ও সহিংস রাজনীতির মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করে দেশ ধ্বংসের চক্রান্ত করছে।
অব্যাহত সন্ত্রাস এবং জঙ্গীদের নামে তিনি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন। সম্প্রতি বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার প্রস্তাবকে তিনি আখ্যায়িত করেন অসাংবিধানিক বলে ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এমপি, মওলানা আব্দুস সোবহান এমপি, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মমিনুল ইসরাম পাটোয়ারিসহ কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা।
