জাপা'র রংপুর জেলা কমিটিতে বিদিশা: ক্ষুব্ধ রওশন সমর্থকরা
জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দ্বিতীয় পতœী বিদিশাকে দলের রংপুর জেলা কমিটিতে সদস্য করাসহ নানা ঘটনায় রওশন এরশাদ সমর্থকরা এখন ক্ষুব্ধ দলীয় একাধিক সূত্র জানায়।
এসব সমস্যার সমাধানসহ স্থবির হয়ে যাওয়া দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে সচল করার জন্যে এইচএম এরশাদ এক সফরে এখন রংপুরে অবস্থান করছেন।
এদিকে গত শনিবার সন্ধ্যায় রংপুরে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক বৈঠকে এরশাদ তার দ্বিতীয় স্ত্রী বিদিশাকে রংপুর জেলা কমিটির সদস্য নির্বাচিত করেন। এতে এখানকার অনেক নেতা-কর্মী, বিশেষ করে রওশন এরশাদের ভক্তরা অসন্তোষ প্রকাশ করেছেন। জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে বিদিশার রংপুর থেকে নির্বাচনে অংশ গ্রহণের সম্ভাবনা রয়েছে। বিষয়টি এখন রংপুরবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু। সেক্ষেত্রে গঙ্গাচড়া থেকে বিদিশা এরশাদ নির্বাচন করতে পারেন বলে জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ জেলায় এরশাদের জনপ্রিয়তায় আগের চেয়ে অনেক বেশী ভাটা পড়েছে। এরশাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা, সাংগঠনিক স্থবিরতা, রাজনৈতিক কিছু অগোছালো সিদ্ধান্ত এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এর অন্যতম কারণ।
জানা যায়, সংসদ নির্বাচনের আর বেশী দিন বাকি না থাকলেও বর্তমানে এই অঞ্চলে এরশাদের জাতীয় পার্টি তেমন একটা সুগঠিত নয়। সম্প্রতি টাউন হলে এক কর্মী সম্মেলনে এরশাদ নেতাদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির বাউন্ডারি ওয়ালে তারেক রহমানের দেয়াল লিখন শোভা পায়। সেখানে আমার অথবা লাঙ্গলের দেয়াল লিখন নেই কেনো?’ ওই কর্মী সম্মেলনে তিনি এই অঞ্চলে সংগঠনের স্থবিরতা সম্পর্কে নেতাদের জবাবদিহি করতে বলেন।
