যুবলীগের ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
পানি সংকট নিরসন দাবিতে আওয়ামী যুবলীগ মঙ্গলবার ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে।
তবে খালি কলস, বালতি, হারিকেন, মোমবাতি এবং ব্যানার-ফেস্টুনসহ যুব লীগের ঘেরাও মিছিলটি পুলিশ কারওয়ানবাজারের ওয়াসা ভবনের আগেই পান্থপথে আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পুলিশ ব্যারিকেডের মধ্যে সেখানেই বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করে কর্মসূচি শেষ হয় ।
রাসেল স্কোয়ার থেকে যুবলীগের ওই ঘেরাও মিছিল শুরু হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতাকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ সরকারকে উৎখাত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে এসে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।
আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
