কলকাতা পৌর নির্বাচন: বামফ্রন্ট ও তৃণমুল কংগ্রেস সরগরম
আসন্ন কলকাতা পৌর করপোরেশন (কেএমসি) নির্বাচনে মেয়র পদে এবার বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন ত্রিপুরার সাবেক অ্যাডভোকেট-জেনারেল বিকাশ ভট্টাচার্য।
তবে অন্যবারের তুলনায় এবার যা নজর কাড়ছে, তা হল নির্বাচনে জয়ী হলে শ্রী ভট্টাচার্যই যে মেয়র হবেন, সে কথা বামফ্রন্ট আগাম বলে রাখছে।
সাধারনত নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল থেকে কেএমসি’র মেয়র নির্বাচন করা হয়। আর বামফ্রন্ট এর আগে কখনও কে মেয়র হবেন তা আগাম বলতো না।
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআই(এম) সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত এক সভার পর মেয়র পদের জন্য তাকে মনোনীত করা হয়।
এদিকে দলীয় সূত্র জানায়, তৃণমুল কংগ্রেস নেতা এবং বর্তমান মেয়র সুব্রত মুখার্জী এবারও প্রার্থী হচ্ছেন। তার কারিশমার কাছে অন্যেরা ম্লান, ফলে বামফ্রন্টের নিজস্ব প্রার্থীকে সরাসরি উপস্থাপন করা ছাড়া অন্য উপায় নেই। কলকাতায় ব্যাপক উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ডের প্রর্বতক তিনি।
তৃণমূল কংগ্রেস (টিএমসি)’র সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় মেয়র পদের জন্য দ্বিতীয়বারের মতো মুখার্জীর নাম ঘোষনা করেছেন।
জানা যায়, শেষবারের লোকসভা নির্বাচনে গুজব উঠেছিল যে, বিকাশ ভট্টাাচার্য সিপিআইএম-এর ব্যানারে দক্ষিণ কলকাতায় টিএমসি প্রধান মমতার বিরুদ্ধে লড়বেন। যদি লোকসভা নির্বাচনের ফলাফল একটা সূচক হয়ে থাকে তাহলে বলা যায় সুব্রত মুখার্জীর বিরুদ্ধে ভট্টাচার্য তেমন সুবিধা করতে পারবেন না।
মার্কসবাদীরা সাধারনত নির্বাচনের আগে কাউকে ’শিরোমনি’ হিসেবে দাঁড় করান না। কিন্তু জ্যোতি বসুর অবসর গ্রহণের পর গত লোকসভা নির্বাচনে তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে জোটের কাণ্ডারী হিসেবে জনসম্মুখে হাজির করেছিলেন।
