২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উপজেলা গঠনে নীতিমালা লংঘনের অভিযোগ

সরকার নীতিমালা লংঘন করে সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও নোয়াখালীতে আরও ছয়টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

উপজেলাগুলো গঠিত হলে সরকারের রাজস্ব বাজেট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হবে।

সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ৯১তম বৈঠকে এসব নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নিকারের বৈঠকে ‘জনস্বার্থে’ নতুন উপজেলা গঠনের অনুমোদন দেয়ার কথা বলা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, মূলত: রাজনৈতিক বিবেচনায় এসব উপজেলার অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত উপজেলাসমূহ হচ্ছে: সিলেটের দক্ষিন সুরমা, মৌলভীবাজারের জুড়ি, কুমিল্লার সদর দক্ষিন ও মনোহরগঞ্জ এবং নোয়াখালীর সোনাইমুড়ি ও সুবর্ণচর।

সূত্রে জানা যায়, এসব উপজেলা গঠনের অনুমোদনের পেছনে সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভূমিকা রেখেছেন। মূলত: তাদের রাজনৈতিক প্রতিশ্র“তি বাস্তবায়ন করতেই নতুন উপজেলা গঠনের অনুমোদন দেয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, নতুন উপজেলা গঠন করতে হলে সংশ্লিষ্ট এলাকার আয়তন কমপক্ষে ৩০০ বর্গকিলোমিটার হতে হবে।

সিলেট জেলায় প্রস্তাবিত নতুন উপজেলা দক্ষিন সুরমার আয়তন ১৯৪ বর্গকিলোমিটার। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আয়তন ১৭০ বর্গকিলোমিটার, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আয়তন ২৬৫ বর্গকিলোমিটার। অনুমোদিত অপর তিনটি উপজেলার আয়তনও ৩০০ বর্গকিলোমিটারের কম।

সূত্র জানায়, ভৌগলিক আয়তন কম থাকলেও উপজেলা গঠন করা যেতে পারে যদি অন্যান্য শর্ত পূরণ হয়। ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক প্রতিবন্ধকতা, অবকাঠামোগত অসুবিধা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য-শিক্ষা প্রসারে অনগ্রসরতা এবং এলাকার জনগন চরম ভোগান্তির শিকার কিনা এসব বিষয়ের উপর নির্ভর করে জনস্বার্থে উপজেলা গঠন।

কিন্তু নতুন উপজেলা অনুমোদনের ক্ষেত্রে সরকার ঘোষিত নীতিমালা বিবেচনায় আনা হয়নি।