২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সুপারিশসহ 'মাদ্রিদ ঘোষণা'র মধ্য দিয়ে শুক্রবার শেষ হবে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেয়া বেশ ক’টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও সুপারিশসহ ‘মাদ্রিদ ঘোষণা’র মধ্য দিয়ে শুক্রবার সমাপ্ত হচ্ছে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত চার দিনের আন্তর্জাতিক সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৃহস্পতিবার রাতে মাদ্রিদ থেকে টেলিফোনে বিডিনিউজকে জানান, ৮ মার্চ থেকে শুরু হওয়া এ সম্মেলনে গত তিন দিনে শেখ হাসিনাসহ বিশ্ব নেতাদের দেয়া প্রস্তাব ও আলোচনার ভিত্তিতে বৃহস্পতিবার গণতন্ত্র ও মানবতার পক্ষে সন্ত্রাস বিরোধী ঘোষনা চূড়ান্ত করা হয়। 

শেখ হাসিনার দেয়া প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কেউ যেন ছাড় না পায়, সবাই যেন নিজ ধর্ম পালন করতে পারে এবং সন্ত্রাস বিরোধী আন্দোলনে সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করা।

গণতন্ত্র, সন্ত্রাস ও নিরাপত্তা শীর্ষক উচ্চ পর্যায়ের এ সম্মেলনের তৃতীয় দিনে বৃহস্পতিবার বিভিন্ন প্ল্যানারি সেশনে অংশ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আলোচনাকালে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটও তুলে ধরেন।

সাবের চৌধুরী জানান, স্পেনের রানী কুইন সোফিয়া ও আমেরিকার প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী মেডলিন অলব্রাইটের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর বৈঠক হয়েছে। পৃথক পৃথক বৈঠকে তারা দ্বি-পাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে শেখ হাসিনা মাদ্রিদ সম্মেলন শেষ হওয়ার পর শুক্রবার লণ্ডনের উদ্দেশে স্পেন ত্যাগ করবেন। সেখানে দু’দিন অবস্থানের পর তিনি তার কানের চিকিৎসার জন্য যাবেন আমেরিকা। আমেরিকায় বেশ ক’টি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী।