তত্ত্বাবধায়ক সরকার সংস্কার নিয়ে আ.লীগ রূপরেখা প্রণয়ন করছে
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার নিয়ে আওয়ামী লীগ একটি রূপরেখা প্রণয়ন করছে। এ রূপরেখা তৈরী করা হচ্ছে সংবিধানের আলোকে।
দলীয় সূত্র জানায়, রূপরেখা বাস্তবায়নের দাবিতে প্রধান বিরোধী দল সহ মুক্তিযুদ্ধের পক্ষের সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সংগ্রাম জোরদার করবে।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের উদ্যোগে আগামী ১৪ মার্চ ঢাকার রাজমনি ইসা খাঁ হোটেলে অনুষ্ঠেয় ‘গণতন্ত্র, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের আবশ্যকতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ রূপরেখা নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত গবেষণাপত্রের ওপর সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা আলোচনা করবেন।
সূত্র জানায়, ১৪ মার্চের ওই বৈঠকে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা আনা হবে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শামসুল হুদা হারুন ।
বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও সংবিধান প্রণেতা ও বিশেষজ্ঞ, আইনজ্ঞ, রাজনীতিক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীও এ বৈঠকে অংশ নিতে পারেন।
সূত্র জানায়, আওয়ামী লীগসহ আন্দোলনরত ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কারের বিষয়ে অভিন্ন প্রস্তাব আনবে। প্রস্তাবনার বিষয়গুলোর মধ্যে থাকবে: তত্ত্বাবধায়ক সরকার আমলে রাষ্ট্রপতির ক্ষমতা, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ ও তার কার্য পরিধি নির্ধারণ, উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ইত্যাদি।
এ ছাড়া নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়েও বিরোধী দল সুনির্দিষ্ট প্রস্তাবনা আনবে।
