এফবিআই ছাড়া অন্য কোন কোন সংস্থার তদন্ত মেনে নেওয়া হবে না: আসমা কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনা তদন্তে এফবিআইকে নিয়োগদানের দাবি জানিয়ে তার স্ত্রী আসমা কিবরিয়া বলেছেন, এফবিআই ছাড়া অন্য কোন কোন সংস্থার তদন্ত মেনে নেওয়া হবে না।
তিনি আরও জানান, কিবরিয়া হত্যাকান্ডের প্রতিবাদে ‘রক্তের অক্ষরে প্রতিবাদের স্বাক্ষর’ কর্মসূচির অধীনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত কাপড়ে লেখা স্বাক্ষর আগামী ৩১ মার্চ মানিক মিয়া এভিনিউতে প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার কিবরিয়ার ধানমন্ডির বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আরও বক্তব্য রাখেন কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া, কন্যা নাজলী কিবরিয়া ও পুত্রবধূ রিনা সুলতানা কিবরিয়া।
আসমা কিবরিয়া বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে না। ফলে তারা যে রিপোর্ট দিক না কেন তা গ্রহনযোগ্য হবে না। তিনি এফবিআইকে স্বাধীনভাবে তদন্ত কাজ করতে দেয়ার জন্যে সরকারের প্রতি দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, সরকার মামলার আলামত নষ্ট করেছে এবং করছে। অজ্ঞাত কারণে ওসি ও এসপিকে বদলি করে দেয়া হয়েছে।
ড. রেজা কিবরিয়া বলেন, এদেশের গোয়েন্দারা মামলার তদন্তে আন্তরিক। কিন্তু শক্তিশালী মন্ত্রীসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার সৎসাহস তাদের নেই।
সম্মেলনে নাজলী কিবরিয়া জানান, তিনি আমেরিকায় এফবিআইয়ের সঙ্গে আলাপ করে জেনেছেন, এফবিআই কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত করতে আগ্রহী। কিন্তু তদন্তকাজের উপযুক্ত পরিবেশ না পেলে তারা আসবে না। গত ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তকালে তারা সরকার থেকে যথাযথ সহায়তা পায়নি। কিবরিয়া হত্যা তদন্তে তারা যেভাবে কাজ করতে চেয়েছিল, সরকার তা দিতে রাজী হয়নি। তাদের শর্ত সরকার মেনে নেয়নি।
