তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করুন: নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করুন, আমি আপনাদের সন্ত্রাসমুক্ত একটি রাষ্ট্র উপহার দেব।
বিএনপির বৃহত্তর নোয়াখালী ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে পতাকা ও পায়রা উড়িয়ে তিনি এই সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনে তারেক রহমান আরও বলেন, এখন থেকে নিজেদের মধ্যে মত পার্থক্য কমিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার কাজে নেমে পড়–ন। মানুষের মধ্যে বিএনপির উন্নয়ন ও শান্তির রাজনীতি ছড়িয়ে দিন।
তিনি আরো বলেন, ইউনিয়ন প্রতিনিধিরা হচ্ছেন দলের প্রাণ, দলের শক্তি। এই সম্মেলন শুধু মিলনমেলা মেলা নয়, ঐক্যেরও মেলা।
সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বলেন, শহীদ জিয়া সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। সে স্বাধীনতার সুযোগে সংবাদপত্রে এমন হেডলাইন করা হয়, যা দেখে বিদেশীরা ভাবে এদেশ বোধ হয় শেষ হয়ে যাচ্ছে। জাতির স্বার্থে এ ধরণের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে তিনি সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি নোয়াখালী ভুলুয়া খাল পুন:সংস্কার এবং বৃহত্তর নোয়াখালী নর্থ ইরিগেশন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ ভুলু, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা জাহানার বেগম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, নোয়াখালী থেকে নির্বাচিত বিএনপির এমপিবৃন্দ এবং বিএনপির জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
