বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এমন সিদ্ধান্ত পরিহার করতে হবে ভারতকে
ভারতীয় পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী বলেন, বাংলাদেশের সঙ্গে যাতে সম্পর্ক খারাপ না হয়, সেজন্য কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার দেশের পূর্বাঞ্চলে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করবে না।
কোলকাতায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিডিনিউজ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদী সংযোগ ইস্যুতে ভারত সরকার বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না।
মন্ত্রী বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, চলতি বাজেটে নদী সংযোগ প্রকল্পের জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি। এ থেকেই এ বিষয়ে সরকারের অবস্থান বোঝা যায়। তবে দক্ষিনাঞ্চল ও উত্তারাঞ্চলে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, সরকার এখনও নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য তহবিল গঠন করেনি। নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
তিস্তা নদীর পানি বন্টণের স্থবিরতা নিয়ে তার দৃর্ষ্টি আকর্ষণ করা হলে দাসমুন্সী বলেন, শিগগিরই এ সমস্যার একটি উল্লেখযোগ্য সমাধান করতে ভারত সরকার বদ্ধপরিকর।
তিস্তার পানি বন্টণ নিয়ে দুুদেশের মধ্যে ‘উত্তেজনা’ বিরাজ করছে এটি মানতে নারাজ দাসমুন্সী। তিনি এটিকে দু দেশের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গ সরকারকে দোষী সাব্যস্ত করে তিনি বলেন, তাদের অবহেলার কারণে তিস্তা প্রকল্প সময়মতো বাস্তবায়িত হয়নি।
