ক্রস ফায়ার বলে কোন শব্দ নেই: সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্তমান সরকার ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে এ পর্যন্ত ৯ জন র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে পিচ্চি হান্নান র্যাবের সাথে লাইন অব ফায়ারে নিহত হয়েছে।
সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য গোলাম মোহাম্মদ কাদেরের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একথা জানান।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, ‘ক্রস ফায়ার’ বলে কোনও শব্দ নেই। সন্ত্রাসীদের গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার বা আসামী গ্রেফতার করতে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে লাইন অব ফায়ারে সন্ত্রাসীরা মারা যায়।
আরেকটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে দুটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গ্রেফততারকৃত কিছু লোক অপরাধ স্বীকার করেছে। তাদের অপরাধের প্রমাণও রয়েছে। তবে তারা মৌলবাদী কিনা, জানি না।
জাতীয় পার্টির অপর সদস্য মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলা ভাই বর্তমানে দেশে নেই বলে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। তবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার মত কোনও কাজ সহ্য করা হবে না। কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করা হবে।
সংসদ সদস্য সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ’৯৬ সাল থেকে এ পর্যন্ত ১৯,০১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১২,৬৯৮ জন পুলিশ সদস্যের শাস্তি হয়েছে।
জামাতে ইসলামীর সদস্য মিজানুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের বিভিন্ন কারাগারে সাজার মেয়াদ উত্তীর্ণ ৩৮০ জন বিদেশী কারাবন্দী রয়েছে। তাদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এমএএইচ সেলিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০২ সাল থেকে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭,৮১৭টি মামলার বিপরীতে ২০,৮৫৫ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪২ কেজি হেরোইন এবং ২২০,৯০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গোলাম মোহম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ’৯৬ সাল থেকে ২৮,৩৯৪ কনস্টেবল এবং ১,৪২১ জন এসআই নিয়োগ দেয়া হয়েছে।
