২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সেটেলার উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ

খাগড়াছড়ি-মহালছড়ি-রাঙ্গামাটি সড়কে দু’দিনের সড়ক অবরোধ কর্মসূচি রোববার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। স্থানীয় লেমুছড়ি গ্রামের অর্ধশত পাহাড়ি আদিবাসী নারী খাগড়াছড়ি-মহালছড়ি সড়কে দিনব্যাপী সড়কে অবস্থান করে। গত দু’দিন ধরে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ ছিল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় কাটিং টিলা,পাকুজ্যাছড়ি ও জয়সেন পাড়ায় পাহাড়িদের ভূমিতে জোর করে বাঙালি সেটেলারদের নির্মাণ করা বাড়ি-ঘর  উচ্ছেদের দাবিতে এই সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, রোববার সকালে নিরাপত্তা বাহিনীর সহায়তায় যাত্রীবাহী গাড়ী খাগড়াছড়ি আসার পথে লেমুছড়িতে পিকেটাররা বাধা দেয়। এ সময় গ্রামের মহিলারা লাঠি-সোটা নিয়ে এগিয়ে আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ১১টায় লেমুছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, মহালছড়ি জোন কমান্ডার, টিএনও, অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতারা প্রায় ৩/৪ ঘন্টা ধরে সড়ক অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানালেও এতে কোনো ফল হয়নি।

স্থানীয় লেমুছড়ি গ্রামের আমতি চাকমা এবং সুভরঞ্জন চাকমা বিডিনিউজকে জানান, তিন মাস পূর্বে কাটিং টিলা এলাকায় সেটেলাররা ঘর নির্মাণের সময় স্থানীয় প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে অভিহিত করা হয়। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন জানান, উভয় পক্ষের জমি-জমার কাগজ পত্র দেখে বিষয়টি মিমাংসা করা হবে। তিনি বলেন, পাহাড়িদের ভিটায় কাউকেও ঘর তৈরী করতে দেওয়া হবে না।

স্থানীয় লেমুছড়ি গ্রামের বাসিন্দারা জানান, ১৯৬১-৬২ সালে তাদের এই ভূমি বন্দোবস্তী দেওয়া হয়। বাঙালি গুচ্ছগ্রামের হযরত আলী জানান, তারা ১৯৮০-৮১সালে এই ভূমি বন্দোবস্তী পায়। নিরাপত্তার কারণে সে সময় তারা ঘরবাড়ী তৈরী করতে পারেননি।