প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও যাচ্ছেন, ভূ-গর্ভস্থ সেচ প্রকল্প ও পলিটেকনিক ইন্সটিটিউট উদ্বোধন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার সরকারি সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন। তিনি বরেন্দ্র বহুমুখী ভূ-গর্ভস্থ সেচ প্রকল্প উদ্বোধন, ঠাকুরগাঁও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঠাকুরগাঁও পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ভবনের ফলক উন্মোচন করবেন। পরে বিকেল চারটায় জেলা বিএনপির আয়োজনে স্থানীয় বড় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
এ উপলক্ষে ঠাকুরগাঁও শহরকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে রংবেরঙের তোরণ।
সেচ প্রকল্প কর্তৃপক্ষ জনায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে সেচ পানির অপচয় রোধে ভূ-গর্ভস্থ পাইপলাইন স্থাপন প্রকল্পের কাজ হচ্ছে। এ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯৭ কোটি টাকা। প্রকল্পটি সম্পন্ন হলে বৃহত্তর দিনাজপুরের বেশির ভাগ আবাদী জমি সেচের আওতায় আসবে। এছাড়া ড্রেন নির্মাণে ব্যবহৃত ৫০ একর জমিও চাষাবাদের উপযোগী হবে। এতে করে বছরে ৬০০ কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে।
ভূ-গর্ভস্থ পাইপলাইন স্থাপনের এ প্রকল্পটি ২০০৩ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-২ এর কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে ৬৪ টি নলকূপ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাতিল করে ভূ-গর্ভস্থ পাইপলাইন স্থাপন করা হয়েছে। বরেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ক্রমান্বয়ে বিএডিসির ১২০টিসহ ১ হাজার ৩৩৭ নলকূপের পাইপলাইন বসানো হবে।
প্রকল্পটি উদ্বোধনের পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। ২০০০ সালের ডিসেম্বর মাসে গোবিন্দনগর এলাকায় ২০০ একর জমির ওপর এটির নির্মাণকাজ শুরু হয়। বাংলাদেশ সরকারের অর্থায়নে ৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত ব্যয়ে নির্মিত হচ্ছে এ পলিটেকনিক ইন্সটিটিউট। ইতিমধ্যেই অধিকাংশ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে।
এই ইন্সটিটিউট থেকে প্রতি বছর ২৮০ জন শিক্ষার্থী বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে পারবে।
ফলক উন্মোচনের পর বিকেল চারটায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলা বিএনপির আয়োজনে স্থানীয় বড় মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
