উন্নয়নের ক্ষেত্রে সকলকে সম্পৃক্ত করতে হবে: তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, সরকারের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। এ কাজে সকলকে সম্পৃক্ত হতে হবে। এজন্য শিল্পের পাশাপাশি কৃষির উন্নয়নে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে শনিবার মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পর যত সরকার এসেছে তার মধ্যে বর্তমান সরকারের সাফল্য সবচেয়ে বেশি। কিন্তু কিছু রাজনৈতিক দল এ সফলতাকে অন্যভাবে দেখছে। তারা একটি সফল সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, বিরোধী দল হরতালের মতো ধংসাত্মক কর্মসূচি দিয়ে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা নিজেরা উন্নয়ন করবে না অন্যকেও উন্নয়ন করতে দেবে না।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান প্রমুখ।
