৭৫ বাংলাদেশী কারাবন্দিকে মুক্তি দেবে মায়ানমার
মায়ানমারের বিভিন্ন কারাগারে আটক ৭৫ জন বাংলাদেশী কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মায়ানামারের পাঠানো এক বার্তায় জানা যায়, মায়ানমারের কারাগারে আটক ২ থেকে ২৫ বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশী কারাবন্দিদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, এই সিদ্ধান্ত দু দেশের মধ্যকার নিবিড় সম্পর্ককেই ইঙ্গিত করে। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নায়ান উয়িনের ঢাকা সফর এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মায়ানমারের পাঠানো বার্তায় মায়ানমার সরকারের নতুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফরের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
