৬ মার্চ কমিউনিস্ট পার্টির ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামী ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষনের পর ১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের উভয় অংশের কমিউনিস্ট প্রতিনিধিরা পৃথকভাবে বসে কমিউনিস্ট পার্টি গঠন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম পার্টির প্রয়াত নেতা কর্মী ও আন্দোলন সংগ্রামে শহীদদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সিপিবি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, স্বৈরাচার, দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সংগঠিত করার মধ্য দিয়ে পার্টির নেতা কর্মীসহ সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ জনগণের দৈনন্দিন জীবনের তীব্র সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র শক্তির বিপদ, আমেরিকান সাম্রাজ্যবাদের আগ্রাসী হস্তক্ষেপ ও জোটসরকারের দুঃশাসনের বিরদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
