২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা বিনা বিচারে মানুষ হত্যা করছে, একদিন তাদের বিচার হবে : ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা বিনা বিচারে মানুষ হত্যা করছে, একদিন তাদের বিচার হবে, জনতার আদালতে তাদের একদিন জবাবদিহি করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার ধানমন্ডির জিগাতলার লেক সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মানিক।

সমাবেশে ড. কামাল হোসেন বলেন, সরকার কয়েকটি রোগে আক্রান্ত। সম্প্রতি তারা আরও একটি রোগে আক্রান্ত হয়েছে। তা হচ্ছে অস্বীকার করার রোগ। ‘দেখি নাই’, ‘শুনি নাই’ ‘অস্তিত্ব নাই’ এ ধরণের কথা বলে যাচ্ছেন অর্থ, স্বরাষ্ট্র আর আইনমন্ত্রী। তাদের মতে, দেশে সব ঠিক আছে। আসলে কিছুই ঠিক নেই। আমরা কামনা করি সরকার যেন অস্বীকার করার রোগ থেকে আরোগ্য লাভ করে।

তিনি আরো বলেন, বিনা বিচারে মানুষ হত্যা এদেশের হাজার বছরের সভ্যতা ও সংবিধান বিরোধী। অস্বাভাবিক মৃত্যু যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আমাদের স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে।

তিনি আরো বলেন, এদেশের বীর সেনানীরা পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্যে পাড়া-মহল্লায় কমিটি গঠন করা দরকার।