২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা তৈরি নিয়ে মুখ খুললেন না সিইসি, পুলিশ দিয়ে সাংবাদিকদের সরিয়ে কার্যালয় ত্যাগ

আর মাত্র দু’দিন পর নতুন ভোটার তালিকার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এ ব্যাপারে মুখ খোলেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের নামে দিনভর সাংবাদিকদের তার কার্যালয়ে অপেক্ষা করানোর পরও তাদের সঙ্গে কথা না বলেই পুলিশ--পাহারায় রাত ৮টায় অফিস ত্যাগ করেন। পুলিশ এসময় সাংবাদিকদের ঠেলা-ধাক্কা দেয় এবং সিইসি নিজেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

আগামী ১ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা। এজন্যে সির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে কমিশন। নতুন ভোটার তালিকার জন্যে ২ লাখ ৪০ হাজার তথ্য সংগ্রহকারী এবং ৬০ হাজার সুপারভাইজার নিয়োগের কাজও শেষ হয়েছে। এ নিয়োগ নিয়েও রয়েছে বির্তক। ছাত্র দলের ক্যাডার--কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অপর দুই  নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও মুন্সেফ আলী অভিযোগ করেছেন, সিইসি তাদের মতামত না নিয়েই নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করছেন।

মুন্সেফ আলী সাংবাদিকদের বলেন, সিইসি প্রথমদিকে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে আমাদের সঙ্গে একমত ছিলেন । কিন্তু তিনি একাই এখন চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী সিইসি একা কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। এই পদ সাংবিধানিক। তিনি ইচ্ছে করলেই একক সিদ্ধান্ত নিতে পারেন না।

তিনি আরো বলেন, নতুন ভোটার তালিকা করতে হলে আইন সংশোধন করতে হতো। তা--না হলে হাল--নাগাদ করতে হবে।

এদিকে ২ জানুয়ারি হাইকোর্টে নতুন ভোটার তালিকা তৈরি নিয়ে রীটের শুনানি হওয়ার কথা। কিন্তু তার আগেই সিইসি এ তালিকার কাজ শুরু করতে যাচ্ছেন।

নতুন এ ভোটার তালিকা শুরুর আগ মূহূর্তে বৃহস্পতিবার সিইসি সাংবাদিকদের ডেকেছিলেন এ সম্পর্কে জানানোর জন্যে। কিন্ত সকাল ১১টায় তার কথা বলার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত তিনি কোনও কথাতো বললেনই না বরং পুলিশ দিয়ে সাংবাদিকদের সরিয়ে তিনি বেরিয়ে যান। এসময় অনেক সাংবাদিক পড়েও যান। তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করেই তার পিএস মোস্তফা ফারুকের সঙ্গে গাড়িতে ওঠেন। এবং এসময় তিনি নিজেও সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করেন।

সারা দিন সিইসির কক্ষ পাহারা দেন মোস্তফা ফারুক।

দুপুর ১২টার দিকে সচিব সম জাকারিয়া সাংবাদিকদের তার কক্ষে নিয়ে সিইসির সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, তিনি দুপুর ২টায় কথা বলবেন। কিন্তু বেলা ৩টায় সম জাকারিয়া আবার জানান, সিইসি অসুস্থ, তিনি কথা বলতে পারবেন না।

এদিকে সিইসি সাংবাদিকরে সঙ্গে না করলেও বিকেল ৪টায় কুমিল্লার এমপি শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের সঙ্গে দেখা  করেন।

বিকেলে নির্বাচন কমিশনে আসেন আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যডভোকেট রহমত আলী। তিনি  নতুন ভোটার তালিকা নিয়ে রীট সম্পর্কে বলেন, আমরা আইনি লড়াই করবো।