২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দল গঠন করছেন শফিউল আলম প্রধান, থাকতে পারেন বিদিশা ও জিএম কাদের

শফিউল আলম প্রধান জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার পর নতুন বছরের প্রথম সপ্তাহেই নতুন দল গঠন করতে যাচ্ছেন। প্রধানের এ দলের সাথে এরশাদের সাবেক পতœী বিদিশা ও ভাই সাংসদ জিএম কাদেরও থাকতে পারেন। তাদের সাথে প্রধানের আলোচনা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ ব্যাপারে শফিউল আলম প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতীয় পার্টির পদত্যাগী, বঞ্চিত, অবহেলিত নেতাকর্মীরা এ দলে থাকবেন। ইতোমধ্যে অনেকের সাথেই আমার কথা হয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দল গঠন সংক্রান্ত জাতীয় কনভেনশনের ঘোষণা দেওয়া হবে। তার সাথে বিদিশা ও জিএম কাদেরেরও কথা হয়েছে বলে জানা গেছে।

প্রধানের দলে যোগ দিচ্ছেন কি--না, প্রশ্ন করা হলে বিদিশা কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে জিএম কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, কনভেনশনের আগেই কনভেনশন প্রস্তুতি কমিটি গঠনের আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, জাপা’র বেশ কিছু প্রেসিডিয়াম সদস্যসহ জেলা পর্যায়ের জাপা (এ) সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা চলছে। প্রধানপন্থি একজন শীর্ষ নেতার সাথে কথা বললে তিনি বলেন, জিএম কাদেরের সাথে প্রধানের বৈঠক হয়েছে। তিনি বলেছেন, এরশাদ যদি জোট সরকারের সাথে থাকে, তবে তিনি এরশাদের জাপায় থাকবেন না।

জানা যায়, বুধবারও এরশাদের সাবেক পতœী বিদিশার সাথে কথা হয়েছে শফিউল আলম প্রধানের। বিদিশা তাকে বলেছেন, আমি আমার কাজ করছি, আপনারা আপনাদের কাজ করুন। তবে শফিউল আলম প্রধানের নতুন দল বিরোধী দলীয় মোর্চার সাথে থাকবে বলে জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জানিয়েছেন।