ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হচ্ছে বুধবার থেকে, ইসির পক্ষ থেকে নেই কোনো প্রচার
আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হচ্ছে। হাতে মাত্র দু’দিন সময় থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেই কোনো প্রচার প্রচারণা।
ভোটার তালিকা সম্পর্কিত প্রচার প্রচারণার বিষয়টি নির্বাচন কমিশন কর্মকর্তাদের ফাইল বন্দিই রয়ে গেছে।
আর এ কারণেই সিংহভাগ ভোটাররা এখনো জানেন না কোথায়, কিভাবে তাদের তালিকাভুক্ত হতে হবে।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে ভোটার তালিকার কাজ চলবে। এ সময়ের মধ্যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু করবেন।
নগরীর বিভিন্ন এলাকার জনগণের অভিযোগ, ভোটার তালিকাভুক্তির বিষয়ে তারা এখনও কিছুই জানেন না। কোথাও ভোটার তালিকা সংক্রান্ত কোনও পোস্টার, লিফলেট এবং স্টিকারও তাদের চোখে পড়েনি।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, ইসি’র পক্ষ থেকে যথাযথ প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই এ সমস্যা দেখা দিয়েছে। এর ফলে তথ্য সংগ্রহকারীদের পক্ষেও কাজ করা কঠিন হয়ে পড়বে এবং অসংখ্য ভোটার তালিকা থেকে বাদ পড়বেন।
নির্বাচন কমিশন এ বছর ভোটার তালিকা তৈরির জন্যে দেড়শ’ কোটি টাকার জমকালো বাজেট ঘোষণা করলেও জনসচেতনতা বা প্রচারণার ব্যাপারে কোনও বাজটে তৈরি করেনি বলে জানা গেছে। সম্পূর্ণ অপরিকল্পিতভাবেই ইসি মাত্র পাঁচ লাখ পোস্টার, পাঁচ লাখ লিফলেট ও চার লাখ স্টিকার ছেপেছে। পাশাপাশি কয়েকটি টেলিভিশন চ্যানেলে এবং রেডিওতে অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। কিন্তু ইসি’র এ ব্যবস্থা সারাদেশের জন্যে নিতান্তই অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রচার--প্রচারণা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের কোনও মন্তব্য পাওয়া যায়নি। কারণ তিনি এখনও সাংবাদিকদের এড়িয়ে চলার নীতি অব্যাহত রেখেছেন।
