২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম ও জাতির বিরুদ্ধে কাজ করছে জামাত: ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম আবারও অভিযোগ করেছেন, ক্ষমতাসীন চারদলীয় জোটের শরিক জামাতে ইসলামী ইসলাম ও জাতির স্বার্থবিরোধী কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

তিনি জঙ্গিদের মদদ দানের জন্যে সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করে অবিলম্বে মন্ত্রিসভায় অবস্থানকারী এ সকল সন্ত্রাসীর গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।

নগরীর মুক্তাঙ্গনে মঙ্গলবার অনুষ্ঠিত দলের ঢাকা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সমাবেশে দলের ঢাকা বিভাগের বিভিন্ন জেলা, থানা ও ওয়ার্ড ইউনিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় দেশে ইসলামী শাসন বাস্তবায়ন ও বোমা হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করে স্লোগান দেওয়া হয়।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা ফজলুর করীম বলেন, জামাত ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এবং এটি কোনোভাবেই ইসলামী দল হতে পারে না।

তিনি জঙ্গিদের আশ্রয় ও মদদদানের জন্যে সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

তিনি বলেন, সরকার যদি আন্তরিক হয়, তবে জঙ্গি দমন মিনিটের বিষয়।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ঢাকা নগরের আমীর এটিএম হেমায়েতউদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব সাইফুদ্দিন ইয়াহিয়া এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিট থেকে আসা মাঠ পর্যায়ের প্রতিনিধিরা।