দেশব্যাপী বোমা হামলার ঘটনায় বিদেশী শক্তি জড়িত: এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশব্যাপী বোমা হামলার ঘটনায় বিদেশী শক্তি জড়িত। তবে দেশের মধ্যে যারা জড়িত, তাদের নাম আগামীতে জানা যাবে।
সাতক্ষীরা সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে শনিবার বিকেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় বক্তব্যদানকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) গাফফার, অ্যাড. সহিদুর রহমান, এরশাদের রাজনৈতিক উপদেষ্টা আহসান হাবিব লিংকন, কেন্দ্রীয় সহ--সভাপতি গোলাম রেজা, সম সালাহউদ্দিন, এমএ জব্বার প্রমুখ।
আগামীতে জোটে যোগদানের বিষয়ে সমাবেশে তিনি বলেন, জাতীয় পার্টির ১২ দফা যারা মেনে নেবে, একমাত্র তাদের সাথেই জোট হতে পারে। তবে যদি কোনও জোট করা হয়, তা হবে তত্ত্বাবধায়ক সরকার আসার পর।
দেশব্যাপী বোমা হামলার বিষয়ে তিনি বলেন, বোমাবাজি আওয়ামী লীগের সময় থেকেই শুরু হয়েছে এবং বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে।
তার ভাই জিএম কাদের এমপি সম্পর্কে তিনি বলেন, এক জঙ্গলে একটি বাঘ বাস করে, এখানে দ্বিতীয় কোনও বাঘের স্থান নেই। আমি আমার দলের জন্যে স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়েছি। আমার কাছে দল আগে, স্ত্রী, ভাই-- এসব পরে।
