রাষ্ট্রদ্রোহিতা ও সরকার বিরোধিতার পার্থক্য প্রধানমন্ত্রীর জানা থাকা উচিত :বি চৌধূরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি ড. এ কিউএম বদরুদ্দোজা চৌধূরী বলেছেন, রাষ্ট্রদ্রোহিতা ও সরকারের বিরোধিতা করার মধ্যে পার্থক্য প্রধানমন্ত্রীর জানা থাকা উচিত। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত জেএমবি কমান্ডার সানি জঙ্গিবাদের মদদদাতা হিসেবে ক্ষমতাসীন দলের সাংসদ মুফতি শহিদুল ইসলামের নাম বলার পর তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা দেখার জন্য সমগ্র দেশ প্রধানমন্ত্রীর ওপর নজর রাখছে।
বিকল্প ছাত্র ধারার আহবায়ক মনোয়ার আলী রাজুর সভাপতিত্বে বৃহস্পতিবার রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধূরী এ কথা বলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্প্রতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগকারী শফিউল আলম প্রধান, বিকল্পধারা সাধারণ সম্পাদক মেজর (অব.) এমএ মান্নান এবং দলের সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি সহ দলের অনান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
পল্টনের সমাবেশ থেকে বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়েরের হুমকির কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহিতা এবং সরকার বিরোধিতার মধ্যে পার্থক্য জানা থাকা উচিত। তিনি বলেন সরকারের কর্মকান্ডের বিরোধিতা করার অর্থ রাষ্ট্র বিরোধী কাজ নয়।
তিনি জঙ্গিদের মদদ দেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, জেএমবি কমান্ডার সানির মুখ থেকে জঙ্গি মদদদাতা হিসেবে মুফতি শহিদুল ইসলামের নাম আসার পর তার বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে কি ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে তা দেখার জন্য সমগ্র দেশের নজর বর্তমানে প্রধানমন্ত্রীর উপর।
সেমিনারে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে ছাত্র সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারে।
