২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যর্থ, নির্বাচন পদ্ধতির সংস্কার ও পদত্যাগ করতে হবে: রাজশাহীতে ১৪ দল নেতৃবৃন্দ

রাজশাহীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৪ দলের মহাসমাবেশে নেতৃবৃন্দ চার দলীয় জোট সরকারকে ব্যর্থ উল্লেখ করে নির্বাচন পদ্ধতির সংস্কার ও তাদের পদত্যাগ দাবি করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের কোনও প্রশ্নেরই জবাব দেন না বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিঃশ্বাস উঠছে, অথচ কোনও ক্ষেত্রেই সুবিচার পাচ্ছে না জনগণ। বুধবার অনুষ্ঠিত চার দলের মহাসমাবেশে এ সংক্রান্ত কোনও কথা না বলায় তিনি প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।

১৪ দলের এই মহাসমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান, গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।

এছাড়া রাজশাহীর স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি জনাব তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক চৌধুরী, জেলা সভাপতি মামুদুল হক ডুলু এবং সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

মহাসমাবেশে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, বর্তমান জোট সরকার অত্যন্ত সুচারুভাবে নির্বাচন বানচালের পায়তারা করছে। এই লক্ষ্যে তারা ১৪ দলের নেতা কর্মীদের বিভিন্ন উপায়ে ভয়--ভীতি দেখাচ্ছে। কিন্তু ১৪ দল সে ভয় ভীতিতে মোটেও ভীত নয়।

তিনি বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারে জনগণের প্রাণের দাবি মেনে নিয়েই সরকারকে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা এবং খুলনার পর রাজশাহীর এই জনসমুদ্রই প্রমাণ করে, জোট সরকারের পায়ের তলায় মাটি নেই।

সমাবেশে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী জঙ্গিবাদ উত্থানে সরকারের মন্ত্রী--এমপিদের জড়িত থাকার অভিযোগ করে বলেন, রাজশাহীর পুলিশকে ব্যবহার করে সরকারের মন্ত্রী—এমপিরা এ অঞ্চলে তাণ্ডব চালায়। তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, অতীতের মত আগামীতেও জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন সংস্কারের দাবি আদায় করব।

ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, জনগণের প্রতি জোট সরকারের আস্থা কমে যাওয়ার কারণে এখন তারা নীলনক্সার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ১৪ দলের নেতৃত্বে এই নীল নক্সার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে দেখে এখন তারা রাষ্ট্রদ্রোহিতা মামলার ভয় দেখাচ্ছে। তিনি স্বাধীনতাবিরোধী এই সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু সরকারকে সকল ক্ষেত্রে ব্যর্থ অভিহিত করে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগের দাবি জানান।