২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাবন্দি সিইসি/ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন!

একেবারেই প্রাণচাঞ্চল্য নেই নির্বাচন কমিশনে। কথা বলা, হাঁটাচলাসহ সবছিুতেই এক ধরনের সর্তকতা। মুখ খুলতে রাজি নয় কেউই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে নির্বাচন কমিশনারদের বিরোধ, অবিশ্বাস এবং একে অপরকে ছোট করার যে ধারা চলছে সে কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত কয়েক দিন ধরে সিইসি নিজেই নিজেকে বন্দি করে রেখেছেন। নিজের বিশ্বস্ত দু’ একজন কর্মকর্তা ছাড়া কারো সঙ্গে কথাও বলছেন না তিনি।

সাংবাদিকদের এড়িয়ে চলছেন কঠোর ভাবে। আগে লিখিত প্রশ্ন নিয়ে লিখিত উত্তর দিতেন, এখন সে প্রক্রিয়াও বন্ধ। আশেপাশের কর্মকর্তারা তাকে আরও বিচ্ছিন্ন করে তুলেছেন।

এর মধ্যে দু’ কমিশনার মোহাম্মদ আলী ও মুন্সেফ আলী বিদ্রোহ ঘোষণা করায় বেশ বিচলিত সিইসি। ভোটার তালিকা নিয়ে তাদের বিরোধ এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।

নতুন ভোটার তালিকা প্রণয়নে অনিয়ম চলছে বলে বিশ্বস্ত সূত্র জানায়। ২০০০ সালের প্রণীত নতুন ভোটার তালিকার বাজেট এবং এবারের বাজেটর তুলনা করে এ অনিয়মের অভিযোগ নিশ্চিত করেছে সূত্র।

২০০০ সালে ভোটার তালিকার তথ্য সংগ্রহে পারিশ্রমিক খাতে ব্যয় ধরা হয়েছিল ৫৬ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা। আর এবার ধরা হয়েছে ৭৫ কোটি টাকা। অথচ এবারে একই সংখ্যক লোক নিয়োগ করা হয়েছে এ কাজের জন্যে।

২০০০ সালে মুদ্রণ ব্যয় ছিল ২২ কোটি টাকা, যা এবার ২৭ কোটি টাকা। গতবার বিবিধখাতে খরচ ধরা হয়েছিল ১২ কোটি টাকা। মোট ব্যয় হয়েছিল ৯৬ কোটি টাকা। এবারের ব্যয়  ধরা হয়েছে ১৪৬ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ১৫০ টাকা।

নির্বাচন কমিশনে নতুন তালিকা নিয়েও নানা অভিযোগ রয়েছে।

এদিকে অনিয়মের টাকা ভাগাভাগি নিয়েও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তার সাথে ঘনিষ্ট এমন কর্মকর্তারাই ভাগ বাটোয়ারার কাজে জড়িত। এ কারণে কতিপয় কর্মকর্তা মনোক্ষুন্ন ঠিকই কিন্তু ওপরের চাপে সকলেরই মুখ বন্ধ।

ইতিমধ্যে মৌখিকভাবে কয়েক কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। ফলে এক প্রকার ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

কথা বলতে চাইলে কমিশনের কয়েকজন কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন।