২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে এরশাদের উপস্থিতিতে স্থানীয় নেতাকে মারপিট, এরশাদের ভাতিজা আসিফকে বহিস্কার, কাদের অবাঞ্ছিত

এরশাদের উপস্থিতিতে সোমবার রংপুরের পল্লীনিবাসে তার ভাতিজা আসিফের হাতে উপজেলা জাতীয় পার্টির (এ) সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঞ্ছিত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এ ঘটনায় এরশাদ তাৎক্ষণিকভাবে আসিফকে জাপা থেকে বহিস্কার করেছেন। একই সাথে ভাই জিএম কাদেরকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

জিএম কাদের বিডিনিউজের কাছে আসিফকে দল থেকে বহিস্কারের কথা স্বীকার করলেও রংপুরে তাকে অবাঞ্ছিত করার কথা অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চারদিনের সফরে সোমবার রংপুর যান। তিনি সোমবার বিকেলে তার রংপুর শহরের বাসভবন ‘পল্লীনিবাসে’ পৌঁছালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে যান।

এ সময় তার ভাতিজা ও পৌর জাপার সাংগঠনিক সম্পাদক আসিফ সদর উপজেলা কমিটির সভাপতি মোস্তফাকে ডেকে বাইরে নিয়ে যান এবং মারপিট করেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ মসিউর রহমান রাঙ্গাসহ নেতাকর্মীরা আসিফকে নিবৃত্ত করে মোস্তফাকে উদ্ধার করেন।

এরশাদ তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে আসিফ ও মোস্তফাকে নিয়ে বৈঠক করেন। দলের মহাসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতারাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে নেতাকর্মীদের চাপে এরশাদ আসিফকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেন। একই সাথে আসিফের প্রশ্রয়দাতা হিসেবে জিএম কাদেরকেও রংপুরে অবাঞ্ছিত করা হয়।

এ ব্যাপারে জিএম কাদের বিডিনিউজকে জানান, আসিফকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তার সাথে আমাকে অবাঞ্ছিত করার কোনো কারণ নেই। আমি তো ওই ঘটনার সাথে জড়িত নই বা সেখানে ছিলামও না।