২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ দফাতেই বাংলার মুক্তি, সাংবাদিক হত্যাকারীর তালিকা তৈরি করুন: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৪ দলের ২৩ দফার মধ্যেই বাংলার মুক্তি নিহিত উল্লেখ করে বলেছেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের তালিকা প্রস্তুত করে রাখুন। প্রধানমন্ত্রী আজ ভাবমূর্তির দোহাই দিয়ে সত্য প্রকাশ করতে দিচ্ছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জাতীয় প্রেসক্লাবে রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংবাদিক নির্যাতন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার ওপর আঘাতে সমাজ আজ বিপর্যস্ত। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন সাংবাদিকরা সত্য কথা নির্ভয়ে লিখতে পারবেন।

শেখ হাসিনা বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ ও দুর্নীতবাজ জোট দুঃশাসনে অতিষ্ঠ জনতার রুদ্ররোষ থেকে বাঁচতেই সরকার বোমা হামলার নতুন নাটক শুরু করেছে। নির্যাতন, রক্তক্ষরণ আর লাশ নিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। জনগণ ভোট দেবে না বলে ভোট কারচুপির সকল প্রক্রিয়াও সম্পন্ন করছে তারা। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে।

বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং খুলনায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ছেলে আসিফ কবির।

বিএফইউজে মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল অনুষ্ঠান পরিচালনা করেন। 

জোট সরকার আমলে সাংবাদিক হত্যা, অত্যাচার নির্যাতনসহ দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশে আইনের শাসন নেই। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ১৫ কোটি মানুষের স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা নেই। সুশাসন নেই বলে মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার ওপর আঘাত আসছে প্রতিনিয়ত। সাংবাদিকরা শুধু নির্যাতনের শিকার নয়, সত্য প্রকাশের অপরাধে জীবন দিতে হচ্ছে।

তিনি বলেন, নির্যাতনকারী ও নির্যাতিতদের যারা আজ এক সঙ্গে বসাতে চান, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। নির্যাতনকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ, যাতে তাদের সাজা না হয়। তাদের উদ্দেশ্য হচ্ছে, শাস্তির হাত থেকে অপরাধীদের রেহাই দেওয়া।

শেখ হাসিনা বলেন, ভাবমূর্তি রক্ষার কথা বলে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সত্য কথা লিখতে দেবেন না, ছবি ছাপাতে দেবেন না। কিন্তু ভাবমূর্তির কি কিছু অবশিষ্ট রেখেছেন তিনি?  

বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার লেলিয়ে দেওয়া ক্যাডার সন্ত্রাসীরা সাংবাদিক হত্যা ও নির্যাতন করবে, ধর্ষণ অত্যাচার করবে, মন্ত্রীরা দুর্নীতি করবে। আর সাংবাদিকরা লিখতে পারবে না, মানুষ হত্যার বিচার পাবে না-- এটি তো হতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে হত্যা নির্যাতনের হুকুম দিচ্ছেন, অন্যদিকে সন্ত্রাসীদের রক্ষা করছেন।

জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকারই ওদের লালন পালন করছে। নিজামী মুজাহিদ আর হাওয়া ভবনের লোকজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই বোমা গ্রেনেড হামলার মূল তথ্য বেরিয়ে আসবে। বোমাবাজি বন্ধ হবে।

এর আগে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত সাংবাদিকদের পরিবার সদস্যরা একটি প্রতিবাদ স্মারকে স্বাক্ষরের মাধ্যমে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) বন্ধের ওপর একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়।