প্রধানমন্ত্রীর কাছ থেকে বোমাবাজদের রিমোট কন্ট্রোল কেড়ে নিতে হবে: ইনু
জঙ্গি, মৌলবাদী, বোমাবাজদের রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতেই। আর তাই দেশে বোমাবাজী বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে বোমাবাজদের রিমোট কন্ট্রোল কেড়ে নিতে হবে।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু শনিবার তরিকত ফেডারেশনের এক মতবিনিময় সভায় একথা বলেন।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সকাল ১১টায় জাসদ কার্যালয়ে ইনুর সাথে সাক্ষাত করতে গেলে সাক্ষাতপরবর্তী মতবিনিময় বৈঠকে তিনি এ কথা বলেন।
জাসদ ও তরিকত ফেডারেশনের নেতারা দেশে মৌলবাদী সাম্প্রদায়িকতার উত্থান, বোমাবাজী, হত্যাসহ দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
হাসানুল হক ইনু বলেন, ক্ষমতাসীন বিএনপি - জামাত জোট সরকার ক্ষমতার রাজনীতির হাতিয়ার হিসেবে মৌলবাদী জঙ্গিদের মাঠে নামিয়েছে। আর তাই ধর্মপ্রাণ মানুষসহ সকলকেই জোট সরকারের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
