২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে বিভিন্নস্থানে অপ্রীতিকর ঘটনা, সংঘর্ষ, ২য় লিড

মহান বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে চট্টগ্রামে সিটি মেয়রকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে প্রশাসনের বাধাদান, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন, নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত অনুষ্ঠান বাতিলসহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিডিনিউজের চট্টগ্রাম অফিস জানায়, বিজয় দিবসের প্রথম প্রহরে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে গেলে প্রশাসন কর্তৃক বাধার সম্মুখীন হন। প্রাপ্য প্রটোকল অনুযায়ী মন্ত্রীর পর তার শ্রদ্ধাঞ্জলি নিবেদনের নিয়ম থাকলেও প্রশাসন সিটি মেয়রের পথ ১০ মিনিট অবরোধ করে রাখে।

বরিশাল প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদীতে বিজয় দিবসের অনুষ্ঠান পালনকে কেন্দ্র করে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সাভার জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে জাকের পার্টি নেতা-কর্মীদের হাতাহাতি ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়।

ঝালকাঠি প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধারা স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান অব্যবস্থাপনার কারণে বর্জন করেন।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে নিরাপত্তাজনিত কারণে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়।

ফেনী প্রতিনিধি জানান, আওয়ামী লীগের বিজয় দিবস পালনের প্রস্তুতিকালে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাশুলি ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে স্থানীয় সন্ত্রাসীরা বিজয় দিবসের মঞ্চ পুড়িয়ে দেয় ও আয়োজকদের ওপর হামলা চালায়। এতে আহত হয় ১০ জন।

লক্ষীপুর প্রতিনিধি জানান, বিজয় দিবসের দিন সকলে লক্ষীপুর শহরের রায়পুর বাজারে এবং বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। লক্ষীপুর বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামীলীগের কর্মীরা পৌঁছালে তাদের  ওপর  হামলা হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ আহত হয়েছে দশ জন। আহতরা হলেন রামপুর পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর হোসেন, নির্বাহী সদস্য হেদায়েত উল্যা, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মানিক মেম্বার, আরশাদ আলী নানা, হাফিজউল্লা, জাহাঙ্গীর, ইসমাইল হোসেন ও বেল্লাল। আহতরা সকলেই ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছেন। অপরদিকে রামপুরে শহীদ বেদিতে যাওয়ার প্রাক্কালে বিএনপি’র কর্মীরা আগত আওয়ামীলীগের মিছিলে হামলা চালালে দুই নেতা আহত হন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ছাত্রদল ও বিকল্পধারার মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় যুবধারার তিন নেতা আহত হয়। বিকল্পধারা অভিযোগ করে যে রুহিয়া যুবধারার কর্মীরা রুহিয়া ডিগ্রী কলেজের শহীদ মিনারে শোভাযাত্রা করে পুস্পমাল্য দিতে গেলে ছাত্রদলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। বিকল্পধারা ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, তাদের শোভাযাত্রায় সরকারি দলের সন্ত্রাসীরাও ধাওয়া দেয়। এই ঘটনায় রুহিয়ায় উত্তেজনা বিরাজ করছে।