২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশুভ শক্তি প্রতিহত করতে পেশাজীবীদের প্রতি ড. কামালের আহবান

দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ড. কামাল হোসেন বৃহস্পতিবার আইনজীবীসহ সকল পেশাজীবীদের প্রতি দেশে অশুভ শক্তির উত্থান প্রতিহত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, এসব সন্ত্রাসীরা দেশের সংবিধান ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সাধারণ নিরাপরাধ মানুষকে হত্যা করে চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

ড. কামাল বলেন, অশুভ শক্তির মদদ পেয়ে মৌলবাদী ও জঙ্গিবাদীরা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং তারা দেশের পেশাজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। দেশজুড়ে আদালত ভবনে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে এ মানববন্ধন আয়োজন করা হয়। 

দেশে এ ধরনের মানববন্ধন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালনের জন্যে ড. কামাল হোসেন আইনজীবীদের প্রতি আহবান জানান। 

এসএএসপি’র আহবাযক ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসসিবিএ প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক এসসিবিএ প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, এসএএসপি সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এসসিবিএ সাম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম ও অ্যাডভোকেট রবিউল আলম বুদু প্রমুখ।