বিএনপি জামাত জোট গণহত্যা ও ভোট কারচুপি করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট গণহত্যা ও ভোট কারচুপি করে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায়। জঙ্গিদের মদদ দিয়ে নিজেরা বোমা ও গ্রেনেড হামলা করে সংলাপের নামে নাটকের মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গড়া অর্থ সম্পদ ভোগ করতে বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা করে দেশবাসীকে আতংকগ্রস্ত রাখতে চায়।
ঢাকায় বৃহস্পতিবার এক আলোচনা সভায় বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর অফিসে বসে পরিকল্পনা করে বোমা ও গ্রেনেড হামলা চালানো হচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, তিনি জঙ্গি হামলাকারীদের বাঁচতে চান। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এসব বোমা ও গ্রেনেড হামলা বন্ধ করুন। জঙ্গিদের গডফাদারদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করুন। এভাবে মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না।
শেখ হাসিনা বলেন, আসুন-- ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে খুনি জোটকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলার মাটি থেকে রাজাকার আলবদর হায়েনাদের উৎখাত করি। যেন স্বাধীন, মুক্ত, উৎসবমুখর পরিবেশে আমরা আগামী বিজয় দিবস উদযাপন করতে পারি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ হানিফ, আসাদুজ্জামান নূর এমপি এবঙ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
