২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবিরোধী সংগ্রামে সহায়তা করতে সংবাদমাধ্যমের কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবাদপত্রসহ গণমাধ্যমকে জঙ্গিবিরোধী তৎপরতায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

তিনি বলেন, সংলাপ শুরুর পর আমরা বিভিন্ন স্তরের মানুষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আশা করছি, খুব দ্রুত আমরা জঙ্গি দমনে সফল হতে পারবো।

প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপ শুরুর তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সরকার সমর্থক অংশের নেতারা সংলাপে যোগ দেন।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বিএফইউজে সভাপতি গিয়াস কামাল চৌধুরী, মহাসচিব রুহুল আমিন গাজী ও ডিইউজে সভাপতি এলাহী নেওয়াজ খান।

সরকারবিরোধী আন্দোলনরত প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল এ সংলাপ বর্জন করছে।

বিরোধী দলের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমনের কৌশল নির্ধারণে সকলকে এক টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছি। কে আসলো আর কে আসলো না, তা দেখার বিষয় নয়, সংলাপ অব্যাহত থাকবে। দেশের সকল দল ও পেশাজীবী সংগঠন চায়, জঙ্গি তৎপরতা বন্ধ হোক।

তিনি বলেন, সরকার জঙ্গি তৎপরতা রোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। যা সংসদের আগামী অধিবেশনেই উত্থাপন করা হবে।

কঠোর হাতে জঙ্গি তৎপরতা দমনের স্বার্থে বিরোধী দল সরকারের সাথে যোগ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর আমরা অত্যন্ত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি। ক্ষমতা গ্রহণের পর ‘অপারেশন ক্লিনহার্ট’ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) গঠনের পর এর ব্যাপক উন্নতি হয়েছে।

জঙ্গিদের উত্থান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাদের পেছনে একটি শক্তিশালী চক্রের হাত রয়েছে। যারা তাদের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে।

জঙ্গিদের উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি বলেন, যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত রয়েছে। তাদের কাউকেই ছাড়া হবে না। কোনও সন্ত্রাসীকে ক্ষমা করা হবে না।

নিরীহ লোকদের অহেতুক হয়রানি না করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও নিরীহ লোককে হয়রানি করা হবে না। তবে যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত তাদের কারও রক্ষা নেই, তাদের কঠোর হাতে দমন করা হবে। জঙ্গি বোমা হামলার সাথে জড়িত অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চারদলীয় জোটের ঐক্য সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের ঐক্য রয়েছে এবং ঐক্য থাকবে। আমরা জঙ্গিদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি। একই সাথে সকলকে আমাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। উস্কানিমূলক কোনও বক্তব্য দিয়ে আমাদের ঐক্যে ফাটল ধরানো যাবে না। আগামী নির্বাচনেও চারদলীয় জোট ক্ষমতায় আসবে।

বাইরের শক্তির হস্তক্ষেপের আশংকা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনও বিদেশি শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না।

সাংবাদিকরা গ্রেপ্তারকৃত জঙ্গিদের সম্পর্কে যথাযথ তথ্য না পাচ্ছে না বলে অভিযোগ করলে জবাবে প্রধানমন্ত্রী বলেন, তদন্তের স্বার্থে এখন অনেক তথ্য গোপন রাখা হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী জঙ্গি দমন এবং গণসচেতনতা সৃষ্টিতে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের কর্মীদের বলীষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।