প্রধানমন্ত্রীর সংলাপে এরশাদ: জঙ্গি দমনে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব, আপডেট
জাতীয় পার্টি (এরশাদ) জঙ্গি সমস্যার সমাধানে প্রকৃত ঘটনা তদন্ত করতে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করার জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সংলাপে অংশ নিয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সন্ত্রাস প্রতিরোধে একটি জাতীয় পরামর্শ কমিটি গঠন করাসহ নয় দফা সুপারিশ পেশ করেন।
আওয়ামী লীগসহ ১৪ দল এরইমধ্যে সংলাপ আয়োজনকে প্রত্যাখ্যান করেছে।
দেশের জঙ্গি তৎপরতাসহ সন্ত্রাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর আহ্বানে শুরু হওয়া সংলাপের দ্বিতীয় দিনে জাপা (এরশাদ) এবং সরকার সমর্থক বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সংগঠন কাউন্সিল ফর ন্যাশনাল এজেন্ডা (সিএনএ) যোগ দেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেল সাড়ে ৩ টায় শুরু হয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, জাপা বোমাবাজি ও জঙ্গি তৎপরতাকে জাতীয় সমস্যা হিসেবে মনে করে। প্রধানমন্ত্রী সকল দল, আলেম ও পেশাজীবীদের সাথে আলোচনা করে এর রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে চান।
জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, দেশের সাম্প্রতিক বোমাবাজি ও আত্মঘাতি বোমা হামলার ঘটনার পর সন্ত্রাস গুরুতর আকার ধারণ করেছে। এ অবস্থায় জাপা মনে করে, সন্ত্রাসী ও বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের প্রস্তাব শোনার পর গ্রহণযোগ্য প্রস্তাবগুলো মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বোমাবাজি বা আত্মঘাতি হামলার সাথে কারা জড়িত, এ নিয়ে অনেকে অনেক কথা বলছে। কিন্তু কোনো ঘটনার তদন্ত ছাড়া কাউকে দায়ী করা ঠিক নয়। তাই জাপা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। তদন্তে জোট বা জোটের বাইরের কে বা কারা জড়িত, তা বেরিয়ে আসবে। তদন্তে প্রমানিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।
আওয়ামী লীগসহ বিরোধী দলগুলো সংলাপে যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করে এরশাদ বলেন, বিরোধী দলগুলো এতে যোগ না দিলে সংলাপ অর্থবহ হবে না। এ গুরুত্বপূর্ণ ইস্যুতে সকলকে দলমতের উর্ধ্বে উঠে এক হতে হবে। এটি জাতির জন্য হবে কল্যাণকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।
সংলাপে যোগ দেওয়া নিয়ে দলীয় মতবিরোধ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, জিএম কাদের কোনো দল নয়, তিনি একজন ব্যক্তিমাত্র। তার কথায় দল চলে না, দল চলে আমার কথায়। দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার পর সিনিয়র নেতাদের নিয়ে সংলাপে যোগ দিয়েছি।
প্রধানমন্ত্রীর সাক্ষাত অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ, মজিবর রহমান, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সরকার পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে মান্নান ভুঁইয়া সাংবাদিকদের জানান, অত্যন্ত আন্তরিক পরিবেশে ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জঙ্গিদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সংলাপে যোগ দেওয়ার জন্য তিনি জাপা নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণ চায় জাতীয় ইস্যুতে সব দল একমত হয়ে কাজ করুক। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরণের রেওয়াজ রয়েছে। বাংলাদেশেও এ ধরণের রেওয়াজ চালু হওয়া দরকার। এজন্য তিনি বিরোধী দলের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
পরে সিএনএ’র কর্মকর্তারা বোমা হামলার ব্যাপারে এ পর্যন্ত উত্থাপিত অভিযোগের তদন্ত, সংকট মোকাবেলায় একটি কমিটি গঠণ ও জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানান।
তারা সংলাপ অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
সিএনএ কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ইত্তেফাকের সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, সাবেক বিএমএ সভাপতি ডা. এমএ মাজেদসহ ৩১ জন বিশিষ্ট নাগরিক।
