প্রধানমন্ত্রীর সাথে সংলাপে ‘বোমা হামলার জন্যে দায়ী জামায়াতকে’ জোট থেকে বের করার পরামর্শ দিলেন কাদের সিদ্দিকী
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে যোগ দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম জামায়াতে ইসলামীকে চারদলীয় জোট থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি সাম্প্রতিক আত্মঘাতী জঙ্গি বোমা হামলার জন্যে জামায়াতকে দায়ী করেন।
খালেদা জিয়ার সাথে প্রায় পৌনে দু’ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি জামা’আতুল মুজাহিদীন বা হরকাতুল জিহাদের কথা জানি না। তবে এসব বোমা হামলার সাথে অনেক ছেলে জড়িত রয়েছে। এদের বাবার নাম জামায়াত। আমরা সরকারের কাছে জামায়াতকে জোট থেকে বের করে দেওয়ার প্রস্তাব করেছি।
কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্বে ২৬ সদস্যবিশিষ্ট একটি দলের নেতৃত্ব দেন। দলের সহ--সভাপতি আনোয়ার হোসেন পাহাড়ি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমানও প্রতিনিধি দলে ছিলেন।
বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ ব্যাপারে আমরা একটি সমঝোতায় এসেছি। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী জঙ্গি তৎপরতার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, জাতি কোনও ইস্যুতে বিপর্যয়ের মুখে পড়লে সে ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের প্রধানমন্ত্রীও সে চেষ্টাই করেছেন। আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা সংলাপে যোগ দিয়েছি।
কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীকে জঙ্গি সমস্যার সমাধানে সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, জামায়াত এসব হামলার মূল হোতা। তাদের জোট থেকে বের করে দিতে হবে। আমরা প্রধানমন্ত্রীকে এসব হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে ও ব্যবস্থা নিতে বলেছি। তাদের বের করে দিলে দেশ ও স্বাধীনতার ড়ক্ষের শক্তি আপনাদের সাথে থাকবে।
সংলাপ বর্জনের ঘোষণা দেওয়ায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা এটিকে নাটক বলছে। যদি এটি নাটকও হয়, তবু আমাদের উচিত সেখানে গিয়ে তা দেখা।
বিরোধী দল এতদিন সরকারকে এ ইস্যুতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সংলাপের কথা বলেছে, যা অগণতান্ত্রিক ছিল। কিন্তু সরকার তা শোনেনি। কিন্তু সরকার এখন গুরুত্ব বুঝতে পেরে সংলাপের ডাক দিয়েছে। তাদের উচিত এতে যোগ দেওয়া।
এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা উল্লেখ করে বলেন, আগরতলা মিথ্যা মামলায় আসামি হয়ে জেলে যাওয়ার পরও বঙ্গবন্ধু আইয়ুব খানের সাথে বৈঠক করেছেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগেও তিনি ইয়াহিয়া খানের সাথে আলোচনা করেছেন। আলোচনাই সমস্যা সমাধানের সুস্থ পথ।
তিনি সংলাপকে সমস্যা সমাধানে প্রাথমিক পদক্ষেপ বলে উল্লেখ করে বলেন, যদি আলোচনা ফলপ্রসূ হয়, তবে যুদ্ধে জড়ানোর প্রয়োজন হবে না। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা সমাধান চায় না, তারা যুদ্ধ করতে চায়।
পরে সন্ধ্যায় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া প্রস্তাবগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী জামায়াতের আমীর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর বক্তব্য অনুযায়ী জঙ্গি তৎপরতায় জামায়াতের সম্পৃক্ততার ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেন, তার বক্তব্য হচ্ছে ‘চোরের মার বড় গলা’। জামায়াতের সম্পৃক্ততা প্রমাণ করতে চাইলে খুব সহজেই করা যাবে। জামায়াত এবার ধরা পড়েছে। এ থেকে নিস্তার পাওয়ার কোনও সুযোগ নেই।
তিনি বলেন, ইসলামের সাথে জামায়াতের কোনও সম্পর্ক নেই। তারা সব সময়ই সরকারি দলের দালালি করেছে। তারা ৪৭’র আগে ব্রিটিশ আর পরে পাকিস্তানের দালালি করেছে। স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা এ হামলা করছে।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরীও সংলাপে উপস্থিত ছিলেন।
মান্নান ভূঁইয়া জঙ্গিবিরোধী ওই সংলাপে যোগ দেওয়ার জন্যে কৃষক শ্রমিক জনতা লীগ নেতাদের ধন্যবাদ জানান। কাদের সিদ্দিকীও সংলাপের আয়োজন করার জন্যে সরকারকে ধন্যবাদ জানান।
পরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. এমএ হাদী ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে বিএমএ’র একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সংলাপে যোগ দেন। এসময় বিএমএ’র সরকার সমর্থক ওই নেতারা নয় দফা সুপারিশ পেশ করেন।
এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) মঙ্গলবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সংলাপে যোগ দেবেন। একই দিন বিকেল ৪টায় কাউন্সিল ফর ন্যাশনাল এজেন্ডা (সিএনএ) সংলাপে অংশ নেবে।
