২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা ভাসানীর ১২৫তম জন্মবার্ষিকী পালিত

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১২৫তম জন্মবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানামুখী অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ঢাকার মাসিক মদিনা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। অন্যান্যের মধ্যে মাওলানা মোহিউদ্দিন খান আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ শ্রমিক দল মাওলানা মতিন মিলনায়তনে ‘শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ গঠনে মাওলানা ভাসানীর অবদান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

এদিকে মজলুম জননেতার জন্মভূমি টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে প্রতিযোগিতা মুলক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মির্জা মোঃ আবদুল মোমেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মোঃ আবদুল মান্নান। ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, অধ্যাপক শফিকুল ইসলাম মন্টু, এডভোকেট আবদুল গনি আলরুহী, তালহা আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।