জঙ্গিবাদ নির্মূল ও জোটের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করা হবে: জঙ্গিবাদ প্রতিরোধ দিবসে ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আন্দোলন জোরদার করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। সাম্প্রদায়িক জঙ্গিবাদের স্রষ্টা বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে স্বাধীনতা--সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা ও দেশে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠা করা হবে।
জঙ্গিবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার ১৪ দলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকায় মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুল মান্নান, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া এবং জাসদের শরীফ নুরুল আম্বিয়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি--জামাত জোট সরকার ইসলামের নামে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নস্যাত করতে চায়।
দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এ সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে ব্যর্থ হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি--জামাত জোট সরকার সাম্প্রদায়িক জঙ্গির উত্থান ঘটিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংস করছে। তাই ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে জোটের পতন ঘটিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এদিকে বিডিনিউজ জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, দেশব্যাপী মিছিল--সমাবেশের মধ্য দিয়ে ১৪ দলের ডাকে জঙ্গিবাদ প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
