সিরাজ সিকদারের সমালোচনার প্রতিবাদে পরিবারের সদস্যরা
পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারের পরিবারের সদস্যরা সিকদারকে ধর্মীয় মৌলবাদী জঙ্গিদের সাথে তুলনা করে সমালোচনার অপচেষ্টার প্রতিবাদ এবং তার হত্যার বিচারের দাবি জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রয়াত সিরাজ সিকদারের মেয়ে শিখা সিকদার ও ছেলে শুভ্র সিকদার বলেন, সিরাজ সিকদারকে আলাদা কোনও ব্যক্তি হত্যা করে নি। প্রতারক, লুটেরা ও তাদের সহযোগিরাই তাকে হত্যা করেছে।
তারা বলেন, কোনও সরকারই সিকদার হত্যার বিচারের জন্যে কিছু করে নি এবং বর্তমান প্রশাসনের পক্ষেও তার হত্যার বিচার করা সম্ভব নয়।
লিখিত বক্তব্যে তারা বলেন, তৎকালীন সরকারের একটি অংশ সিরাজ সিকদারকে হত্যা করেছিল এবং তখন অপর পক্ষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থে ব্যস্ত ছিল।
তারা আরও বলেন, সিরাজ সিকদারই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সরকারের প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস গ্রন্থেও মহান মুক্তিযোদ্ধা সিরাজ সিকদারের অবদান লিপিবদ্ধ রয়েছে। সিরাজ সিকদারের আদর্শের সঙ্গে বর্তমান জঙ্গিবাদীদের কোনও মিল নেই।
