সংলাপের নামে নাটক না করে জঙ্গি দমন করুন: প্রধানমন্ত্রীকে আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, সংলাপের নামে নাটক ও টালবাহানা না করে অবিলম্বে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিয়ে নির্বাচন দিন।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জঙ্গি দমন ও সরকারের পদত্যাগ দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।
আব্দুল জলিল বলেন, সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংলাপের নামে নতুন নাটকের সৃষ্টি করেছে। কিন্তু কেন, কার সঙ্গে, কিসের সংলাপ? -- প্রশ্ন করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বোমাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে। কিন্তু জঙ্গি দমন না করে সংলাপের নামে চিঠি চালাচালির মাধ্যমে সরকার জঙ্গিদের মদদ দিচ্ছে। চিঠি চালাচালি ও সংলাপের এ নাটকে সমস্যার সমাধান হবে না।
নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও মানুষ হত্যার কথা উল্লেখ করে আব্দুল জলিল বলেন, এ সরকার সন্ত্রাসী বোমাবাজদের লালন করে এসব হামলার মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে মানুষের জীবন মূল্যহীন ও সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্নকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপণœ করেছে। একাত্তরের পরাজয়ের কথা ভুলতে পারেনি বলে বাংলাদেশকে খণ্ড--বিখণ্ড করে তারা এদেশকে পাকিস্তানের একটি অঙ্গ বানাতে চায়।
জাতীয় জীবনের এই ক্রান্তিকালে বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে চলমান আন্দোলন এগিয়ে নেয়ার আহ্বান জানান আব্দুল জলিল।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, যুবলীগ সম্পাদক মির্জা আজম এমপি, যুবনেতা অ্যাডভোকেট সাইদুর রহমান, ওমর ফারুক চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, মহিউদ্দিন মহি ও নুরুন্নবী চৌধুরী শাওন।
