প্রধামন্ত্রীর আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এসসিবিএ, সরকারের পদত্যাগ দাবি
ইসলামী জঙ্গিদের মোকাবেলার উপায় খুঁজে বের করতে জাতীয় সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
নেত্রকোনায় বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এসসিবিএ’র এক জরুরী বৈঠকে নেতৃবৃন্দ ‘অপশাসন থেকে জাতিকে রক্ষা করতে’ আবারও সরকারের পদত্যাগ দাবি করেন।
সংলাপের এ চিঠিকে তারা অগণতান্ত্রিক, ভাওতাবাজি উল্লেখ করে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সরকার প্রহসন করছে।
গ্রহণযোগ্য নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও তাৎপর্যবহ নির্বাচনের মাধ্যমে ‘জনগণের সরকার প্রতিষ্ঠা’ এখন সময়ের দাবি।
তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কিভাবে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা যেতে পারে সে ব্যাপারে আলোচনা হতে পারে। কিন্তু সরকারের ভেতর থেকে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে আবার জঙ্গি মোকাবেলার ব্যাপারে সংলাপের আয়োজন করে ভাওতাবাজি করছে।
অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, পেশাজীবী সংগঠনগুলো সরকারের সাথে আলোচনায় বসতে রাজি না হওয়ায় নেত্রকোণায় আবার বোমা হামলা চালানো হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিভাবে জঙ্গিদের মোকাবেলা করা যায় সে ব্যাপারে আলোচনার জন্যে আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে বুধবার এসসিবিএ সভাপতির কাছে একটি চিঠি পাঠান।
তিনি বলেন, সরকারের দলীয় লোকজন যাতে সংলাপে অংশগ্রহণ করতে পারে সেজন্যে এ চিঠি পাঠানো হয়েছে।
বৈঠকে নেত্রকোণায় বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও বোমা হামলার শিকার প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
বৈঠকের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার আমির-উল ইসলাম, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, অ্যাডভোকেট মইনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট শামসুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট রশির আহমেদ, অ্যাডভোকেট বিএ রশিদ, অ্যাডভোকেট রহমান, অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, অ্যাডভোকেট আজহেরুল্লাহ ভূঁইয়া ও এসএম রেজাউল করিম।
