ডব্লিউটিও’র ট্রিপস চুক্তি দেশে কৃষকের অধিকারের ওপর আঘাত হানবে
তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের সাথে বিশ্ব বানিজ্য সংস্থার ট্রিপস চুক্তি দেশে কৃষকের অধিকারের ওপর আঘাত হানবে। এ চুক্তি হলে কৃষক বীজের অধিকার হারাবে, ওষুধি গাছের ওপর নির্ভরশীল জনগোষ্ঠি ক্ষতিগ্রস্ত হবে।
বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থার এ চুক্তির বিরোধিতা করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উবিনীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশটি পরিচালনা করেন সীমা দাস সীমু। সমাবেশে বক্তব্য রাখেন কৃষক শহর বানু, কবিতা বেগম প্রমুখ। উবিনীগ এর এ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন ভাস্কর রাশা। সমাবেশে ভাস্কর রাশার আহ্বানে কোরিয়ান কৃষক লি ইয়াংহের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে সম্মান জানানো হয়। কৃষকের স্বার্থেও জন্য লি ইয়াং হে আত্মহত্যা করেন।
সমাবেশে ভাস্কর রাশা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে এ প্রতিবাদ অত্যন্ত যৌক্তিক প্রতিবাদ। জনগণ এখন শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতি হয় এমন চুক্তির বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে।
নারী নেত্রী ফরিদা বেগম বলেন, কৃষক এখন নিজের অস্তিত্ব রক্ষার জন্যই বিশ্ব বানিজ্য সংস্থার সাথে চুক্তির বিরোধিতা করছে। তারা নিজেদের বীজের অধিকার, কৃষি অধিকার রক্ষার জন্য মরিয়া হয়েছে।
