২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৪ দলের মহাসমাবেশে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা

খুলনায় ৯ ডিসেম্বর শুক্রবার ১৪ দলের মহাসমাবেশ উপলক্ষে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

১৪ দলের নেতারা জানিয়েছেন, মহাসমাবেশে পাঁচ লাখ লোকের সমাবেশ ঘটবে। মহাসমাবেশ ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা চলছে। মাইকিং, পোস্টারিং, ব্যানার ও তোরণ নির্মাণসহ প্রতিদিন মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে নগরী।

সমাবেশস্থল ঘিরে গড়ে তোলা হচ্ছে কঠোর নিরাপত্তা বলয়। ঢাকার মহাসমাবেশে যেভাবে র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালিয়েছে খুলনায়ও সে ধরনের তল্লাশি চালানো হবে।

এ ব্যাপারে মেট্্েরাপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান সাংবাদিকদের বলেছেন, মাহাসমাবেশে নিরাপত্তার দায়িত্বে দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে। কেএমপিতে এত পুলিশ না থাকায় অন্য জেলা থেকে পুলিশ আনা হবে।

মেটাল ডিটেক্টর দিয়ে আজ্ঞাতদের শরীর তল্লাশি করা হবে।  এছাড়াও আর্চওয়ে গেটও থাকবে।

তিনি আরও জানান, মহাসমাবেশস্থলের আশপাশের বহুলত এবং অন্যান্য ভবনেও পুলিশ মোতায়েন রাখা হবে। এছাড়াও সমাবেশস্থলের আশেপাশে পুলিশের ডিউটি থাকবে।

এদিকে মহাসমাবেশ ঘিরে ১৪ দলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলেও সাম্প্রতিক সময়ের বিভিন্ন বোমা হামলার ঘটনায় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা।

সার্কিট হাইজ ময়দানের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।

দলীয় সূত্র জানায়, ঢাকার পল্টনের মহাসমাবেশের চাইতেও খুলনা মহাসমাবেশকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন আদালতে জঙ্গিদের বোমা হামলা, স্কুল-কলেজ প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় দেশের সাধারণ মানুষ আজ খুবই উদ্বিগ্ন।

সূত্র জানায়, খুলনার মহাসমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এদিকে ১৪ দলের নেতারা আশংকা করছেন, মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার পুলিশ দিয়ে দলীয় নেতা কর্মীদের গ্রেফতার, হয়রানি, পরিবহন ধর্মঘট ডাকায় ও পথে পথে বাধাসহ বিভিন্ন ধরণের ঝামেলা সৃষ্টি করতে পারে।

পরিবহন ধর্মঘট ডাকা হলেও যাতে বিকল্প পথে নেতাকর্মীরা খুলনায় আসতে পারেন সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।