সন্ত্রাসবাদ ঠেকাতে সরকার সব ধরনের কৌশল ব্যবহার করছে: চামাস
বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস দেশের ভেতরের সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
ঢাকায় দক্ষিণ এশীয় জ্বালানি বিশেষজ্ঞদের এক বৈঠকে মঙ্গলবার তিনি বলেন, সন্ত্রাসবাদের ঘটনায় আমরা বাংলাদেশকে পর্যবেক্ষণ করছি। আর এ সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকার তার সাধ্য মতো সকল কৌশল ব্যবহার করছে।
দক্ষিণ এশিয়ায় মার্কিন নীতির ওপর মূল বক্তব্য উপস্থাপনকালে চামাস বলেন, এ অঞ্চলটি সন্ত্রাসবাদ ও আঞ্চলিক বিবাদের শিকার।
নিয়মিত মার্কিন রাষ্ট্রদূতের অনুপস্থিতে ঢাকায় মার্কিন দূতাবাসের প্রধান হিসেবে কয়েক মাস ধরে দায়িত্ব পালন করা চামাস বলেন, আঞ্চলিক সমস্যা মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক উদ্যোগ দেখতে চায়।
‘ইউএসএইড--সাউথ এশিয়া ইনিশিয়েটিভ ফর এনার্জি’ শীর্ষক দু’দিনব্যাপী ষান্মাসিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে চামাস বলেন, অর্থনৈতিক সহযোগিতা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে।
তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নই হল দক্ষিণ এশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের চাবিকাঠি।
তিনি বলেন, সকল দেশের সাথেই আমাদের খুব ভাল সম্পর্ক রয়েছে।
সন্ত্রাসবাদ প্রতিরোধকে মার্কিন পররাষ্ট্র নীতির সবচে’ গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করে চামাস বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান এবং আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়ক শক্তি।
তিনি বলেন, এ অঞ্চলের জন্যে সন্ত্রাসবাদ একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি এবং উন্নয়নের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সন্ত্রাসবাদকে বাংলাদেশের একটি সমস্যা বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদের সাথে লড়াই এখন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু পাশাপাশি এটি মনে রাখতে হবে, সোমবার কোনও সহিংসতা ছাড়াই দেশটিতে একটি উপ--নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএইড মিশন পরিচালক জেনি ভি জর্জ দু’দিনের কর্মসূচির উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন। এছাড়া সার্ক সদস্য দেশসমূহ এবং আফগানিস্তানের জ্বালানি খাতের শতাধিক বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করছেন।
