২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর উপনির্বাচনে মনোরঞ্জনশীল নির্বাচিত, আপটেড

দিনাজপুর উপনির্বাচনে জাতীয় পার্টির পদত্যাগকারী প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম প্রধানের মনোনীত প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল বেসরকারিভাবে এক লাখ ১২ হাজার ৯৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নির্বাচন কমিশন সূত্র জানায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চার দলীয় ঐক্যজোটের জামাত প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা পেয়েছেন ৫০ হাজার ৫৭৬ ভোট।

কঠোর নিরাপত্তা আর কর্মী ও সমর্থকদের ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর -- ১ (বীরগঞ্জ -- কাহারোল) আসনে উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বীরগঞ্জ -- কাহারোল এলাকায় ভোটগ্রহণের জন্য সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য ভোট কেন্দ্রগুলোতে আনসার, বিডিআর, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন: জোট প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা (দাড়িপাল্লা মার্কা), জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল (হুক্কা মার্কা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক সরকার (লাঙ্গল মার্কা), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসিরুল হক রুস্তম (ফুটবল মার্কা), শিবলী সাদিক (পিরিচ) এবং কৃষক সাদেক (মোরগ)।

কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দু-একটি জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। কোনও কেন্দ্রে থেকে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।