২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার থেকে জামায়াতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ১৪ দল

জামায়াতে ইসলামীকে দেশের ইসলামি জঙ্গি তৎপরতার মূল হোতা হিসেবে দায়ী করে ১৪ দল সোমবার জোট সরকার থেকে জামায়াতকে বহিষ্কার করে সংলাপের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এছাড়াও জোট নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি চারদলীয় জোট সরকারের পদত্যাগ দাবি করেছে।

গাজীপুরে ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বরের বোমা হামলায় নিহতদের স্মরণে আয়োজিত শোকমিছিল পরবর্তী সমাবেশে তারা এ দাবি জানান।

১৪ দলের ঢাকা মহানগর শাখার নেতৃত্বে মুক্তাঙ্গন থেকে এ শোকমিছিল শুরু হয় এবং শহীদ মিনারে এসে শেষ হয়। ১৪ দলের কয়েক হাজার কর্মী ও সমর্থক এ মিছিলে অংশ নেয়। কর্মী ও সমর্থকদের হাতে সরকার ও বোমা হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও কালো পতাকা ছিল।

শোকমিছিলের আগে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের  লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী আব্দুল জলিল এমপি ইসলামী জঙ্গিদের মদদ দেওয়ার জন্য সরকারের প্রতি তীব্র নিন্দা জানান।

বোমা হামলার মূল হোতা হিসেবে জোট সরকারের একাংশ জামায়াতে ইসলামের নাম উল্লেখ করে তিনি বলেন, এই অপশক্তি দেশকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে। তারা ’৭১ সালে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চাচ্ছে।

তিনি জঙ্গি দমনে সরকারের সাথে সংলাপের উদ্যোগ অর্থহীন বলে প্রত্যাখ্যান করে বলেন, সরকারের মধ্যে জামায়াতের মতো জঙ্গি পৃষ্ঠপোষকদের বহাল তবিয়তে রেখে জঙ্গি দমন সম্ভব নয়।

তিনি জোট সরকার থেকে জামায়াতকে বহিষ্কারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিল বলেন, নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের যে প্রস্তাব আমরা দিয়েছি তার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। এর মাধ্যমেই একটি দেশপ্রেমিক সরকার সমস্যা সমাধানে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সরকারের সহযোগিরা যেহেতু রাষ্ট্র ও জনগণের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

শহীদ মিনারের সামনে শোকমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ হানিফ প্রমুখ।