২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ইস্যুতে রোববার ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, সংলাপে সরকারের ভরসা নামসর্বস্ব দলগুলো

জাতীয় পার্টি ছাড়া অন্য দলগুলো সংলাপে যোগ দিতে অস্বীকার করায় দেশের সাইনবোর্ড সর্বস্ব দলগুলোই এখন সরকারের একমাত্র ভরসা বলে মনে করছেন বিরোধী দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

তাদের মতে, ওইসব প্যাড ও সাইনবোর্ডসর্বস্ব সংগঠনের সাথে প্রধানমন্ত্রীর এ সংলাপ হবে ‘লোক দেখানো’ এবং ‘বিভ্রান্তিকর’।

তারা বলেছেন, বিচারপতি এমএ আজিজ সিইসির দায়িত্ব নেয়ার পর বিভিন্ন দলের সাথে সংলাপের নামে যা করেছেন, তার সাথে প্রধানমন্ত্রীর এই ‘জাতীয় সংলাপ’র কোনও পার্থক্য থাকবে না।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল সংলাপে বসতে রাজি না হলেও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল প্রণয়নে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার থেকে বিভিন্ন দল, শ্রেণী ও পেশার নেতাদের সাথে সংলাপ শুরু করছেন।

এর অংশ হিসেবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নেতারা রোববার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। ইতোপুর্বে জঙ্গি তৎপরতাসহ সন্ত্রাস বন্ধের কৌশল নিয়ে আলোচনার জন্যে ওই সংগঠনের পক্ষ থেকে দেওয়া চিঠির প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বিএনপি ও প্রধানমন্ত্রীর দপ্তরের ঘনিষ্ঠ সূত্রগুলো শনিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী বা তার দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া তার নির্বাচনী এলাকা সফর শেষে ঢাকায় ফিরে প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন।

সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেছেন, সমস্যার সমাধান না করে একদিকে প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। এটি সরকারের স্ববিরোধী অবস্থানই প্রমাণ করে। তারা দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার ফন্দি আঁটছে।

তবে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে জাতীয় সংলাপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উদ্যোগকে কেন্দ্র করে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দ্বিধা--বিভক্ত হয়ে পড়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। জাতীয় পার্টি এ সংলাপে যোগ দেবে।

তবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শওকত হোসেন নীলু বলেন, এটি আসলে রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই না।