২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী রোববার থেকে সংলাপ শুরু করছেন

প্রধান বিরোধী দল সংলাপে বসতে রজি না হলেও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে জাতীয় কৌশল প্রণয়নে রোববার থেকে বিভিন্ন শ্রেণীর সাথে সংলাপে বসতে শুরু করবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন সংলাপের আহ্বানে সাড়া দিয়ে রোববার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সাথে বসতে যাচ্ছে।

বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার নতুন করে আবারও প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দু’ এক দিনের মধ্যে তাদেরকে সংলাপের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে।

তবে যোগাযোগ করে কোনও রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংলাপের আমন্ত্রণ পেয়েছেন বলে জানা যায়নি। এদিকে আমন্ত্রণ জানানো হলেও জাতীয় পার্টি ছাড়া আর কোনও দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে।

সংলাপে অংশ না নেয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, সমস্যা সমাধানের পরিবর্তে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা একদিকে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।

তিনি বলেন, একই সাথে আওয়ামী লীগকে সংলাপে বসার আহ্বান জানানো, আবার বর্তমান পরিস্থিতির জন্যে দোষারোপ করা স্ব-বিরোধী। জঙ্গিদের বিরুদ্ধে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারীদের নির্যাতন করে সরকার প্রমাণ করেছে, তারা দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করার ফন্দি আটছে।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, সরকার যদি তাদের যেসব লোকজনের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে সংলাপের পরিবেশ তৈরি হবে বলে জনগণ মনে করে।

ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননও সংলাপের এ আহ্বানকে চালাকি হিসেবে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, দল থেকে জঙ্গিদের পৃষ্ঠপোষকদের বহিস্কার করুন এবং সংলাপের পরিবেশ সৃষ্টির জন্যে সরকার থেকে জামায়াতকে বাদ দেন।

সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সংলাপ আয়োজনের জন্যে সরকারকে প্রথমে একাত্তরের যুদ্ধাপরাধী যারা সরকারের সাথে রয়েছে তাদের মন্ত্রিসভা থেকে বহিস্কার ও বিচারের ঘোষণা দিতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের রাজনৈতিক সচিব কাজী ফিরোজ বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তিনি সময়োচিত পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, ইসলামী জঙ্গিবাদ দেশের একটি জাতীয় সমস্যা এবং এটি সমাধানে জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে।

এদিকে এরশাদের নেতৃত্বাধী জাতীয় পার্টিও সরকারের এ প্রস্তাবকে প্রত্যাখান করেছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শওকত হোসেন নীলু বলেন, এটা আসলে রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই না।

ব্যবসায়ী নেতারা জঙ্গিবাদ রুখতে সেনা বাহিনী নামানোর প্রস্তাব দিতে পারেন।

এফবিসিসিআই একটি যৌথ সভা ডেকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সাথে পৃথক পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করেছি এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের রোববার বিকেল ৩টায় সময় দেওয়া হয়েছে।

ওই একই দিনে বিজেএমইকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

যদিও বিজেএমইএ সভাপতি টিপু মুন্সীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ তারা পায়নি।