ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় সরাইলে গণ--গ্রেফতার
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুটি ইউনিয়নের অধিবাসীদের মধ্যে তিনদিন ধরে সংঘর্ষ চলার পর শুক্রবার আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ওই ঘটনায় সরাইল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ দুটি এবং গুলিতে নিহত শিশু শাহ আলমের বাবা মহরম আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এসব মামলায় এলাকার অন্তত: ছয় হাজার মানুষকে আসামী করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
মামলায় অভিযুক্ত হিসেবে স্থানীয় কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান আহমেদুর রহমান মৃধাসহ ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই গণ-গ্রেফতারের পর ইউনিয়ন দুটির ২০টি গ্রাম পূরুষশুণ্য হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসক সাইদুর রহমান ও পুলিশ সুপার মাসুদুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে গণ-গ্রেফতারের অভিযোগ করা হলেও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার সরাইল ডিগ্রি কলেজ মাঠে একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সরাইল সদর ইউনিয়ন ও পার্শ্ববর্তী কালিকচ্ছ ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলে। পরদিন আবারো মাইকে ঘোষণা দিয়ে কলেজ মাঠে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ শুরু হয়। এর রেশ ধরে বৃহস্পতিবারও সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে শাহ আলম নামে এক শিশু নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হয়।
